শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের গুরুতর অভিযোগ

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়ম ও ভর্তি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দিদারুল আলম নামে এক ব্যক্তি আর্থিক দুর্নীতি ও ভর্তি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ এনে আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে প্রায় ৩০০ (তিনশত) জনের অধিক শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা থাকলেও গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত লটারির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মাত্র ২২০ (দুইশত বিশ) জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।

পরবর্তীতে কোনো সুস্পষ্ট কারণ কিংবা লিখিত নীতিমালা ছাড়াই গত ২৫ ডিসেম্বর বিদ্যালয় কর্তৃপক্ষ ৮৮ (আটাশি) জন শিক্ষার্থীর একটি তথাকথিত ‘অপেক্ষমান তালিকা’ প্রকাশ করে, যা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এই অপেক্ষমান তালিকা মেধা বা লটারির ভিত্তিতে প্রণয়ন করা হয়নি; বরং ব্যক্তিগত প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে নির্দিষ্ট শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—লটারিতে নির্বাচিত নয় এবং অপেক্ষমান তালিকায়ও নাম নেই, এমন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে গোপনে ভর্তি করানো হয়েছে, যা প্রচলিত ভর্তি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়গুলোর আইনগত ব্যাখ্যা ও নিরপেক্ষ তদন্ত অতীব জরুরি বলে দাবি করা হয়েছে—নির্ধারিত ভর্তির লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও কেন সকল আসন লটারির আওতাভুক্ত করা হয়নি; কোন আইন ও বিধির আলোকে অপেক্ষমান তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে; লটারিতে নির্বাচিত নয় এবং অপেক্ষমান তালিকায় নাম না থাকা সত্ত্বেও যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তারা কোন প্রক্রিয়ায় ভর্তি হয়েছে।

অভিযোগের বিষয়ে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল কান্তি নাথ বলেন, ভর্তির বিষয়ে ইউএনও মহোদয় অবগত। প্রথম তালিকা লটারির মাধ্যমে প্রকাশ করা হয় এবং দ্বিতীয় একটি তালিকা থেকে আরো কিছু ভর্তি করা হয়। এই দুই তালিকার বাইরে কেউ ভর্তি হয়ে থাকলে সেটি অনিয়ম হয়েছে। তবে অনিয়মের বিষয়ে কেউ তাকে লিখিতভাবে জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া জানান, চলতি ভর্তি কার্যক্রমে কোন ধরনের অনিয়ম হয়নি। অপেক্ষমান তালিকার বাইরে কোনো ছাত্রকে ভর্তি করানো হয়নি।

তবে অভিযোগকারী দিদারুল আলমের দাবি, ভর্তিতে অনিয়ম ও তালিকার বাইরে ভর্তির বিষয়ে তার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত