শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বাংলাদেশি পর্ন তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

ডেস্ক নিউজ

বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি প্ল্যাটফর্ম পরিচালনার অভিযোগে আলোচিত এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান থেকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ওই দম্পতি দেশীয় পরিসরে অশ্লীল ভিডিও তৈরি ও সম্পাদনার পর বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে তা নিয়মিতভাবে আপলোড করতেন।

সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, দম্পতির পরিচালিত ওই ওয়েবসাইটটি ইতোমধ্যে বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে। তারা শুধু নিজেরাই কনটেন্ট তৈরি করতেন না, বরং অন্যদেরও এই কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করতেন। এতে করে বাংলাদেশে বসে পর্নো ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছিল।

তদন্তে আরও জানা গেছে, এই কার্যক্রমের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ অনুযায়ী, অশ্লীল ভিডিও বা কনটেন্ট তৈরি, সংরক্ষণ ও বিতরণ ফৌজদারি অপরাধ।

এই দম্পতির পরিচয় ও তাদের অনলাইন কার্যক্রম প্রথম প্রকাশ করে অনুসন্ধানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে তারা বিদেশি ওই প্ল্যাটফর্মে সক্রিয় হন এবং অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অনুসারী অর্জন করেন।

সিআইডি জানিয়েছে, ঘটনাটির গভীরে আরও অনুসন্ধান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত