চট্টগ্রামে মারধরের শিকার হওয়া চিকিৎসক ইকবাল হোসেন নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি— তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
তিনি বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে
এ ছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে মবের (হামলা) মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা। বলেন, মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস না পায়।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়ার ইকবাল হোসেন নামে একজন চিকিৎসকের উপর হামলা করে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে তার বাঁচার আকুতি এরমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি,ভবন নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় বারবার ৯৯৯ এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ইকবাল হোসেন নগরের ইবনে সিনায় হাসপাতালের কনসালটেন্ট। আর অভিযুক্ত হারুন স্থানীয় মহল্লা কমিটির প্রধান। তিনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক এক শীর্ষ নেতার নিকটাত্মীয়। ওই নেতার নাম ব্যবহার করে গত ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রভাব বিস্তার করছেন তিনি।কোন পদ পদবী না থাকলেও তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা বলে পরিচয় দেন।

