শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ওসির অপসারণের দাবিতে পটিয়ায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণের দাবিতে বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে তারা থানার প্রবেশপথে অবস্থান নেন। অবস্থান চলাকালীন ওসির পদত্যাগ দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিন সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ হামলার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ করা না হবে, ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে ধরে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে দীপঙ্করের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ওসি তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।

আহত রিদওয়ান সিদ্দিকী বলেন, “আমাদের কাছে তথ্য ছিল, রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে অবস্থান করছেন। তাকে ধরে থানায় নেওয়া হলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবি জানিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। আশা করছি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হবে।”

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত