বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

১০০টির বেশি পরিবেশবান্ধব জাহাজভাঙা ইয়ার্ড গড়বে সরকার: শিল্পসচিব

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

দেশের জাহাজ পুনর্ব্যবহার (শিপ রিসাইক্লিং) শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১০০টির বেশি গ্রিন ইয়ার্ড গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এ খাতের তদারকি জোরদার, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় তিন বছরের মধ্যে আধুনিক কেন্দ্রীয় শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

২৪ নভেম্বর, মঙ্গলবার চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং অব শিপস (সেন্সরেক-ডিডব্লিউ) প্রকল্পের চতুর্থ পর্যায়ের উদ্বোধন ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান শিল্পসচিব আবদুন নাসের খান।

শিল্পসচিব বলেন, বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) জনবল সংকট দূর করতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের তদারকি, গবেষণা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের। সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা হবে।

তিনি জানান, প্রস্তাবিত বর্জ্য শোধনাগারে জাহাজ পুনর্ব্যবহার কার্যক্রমের বিপজ্জনক বর্জ্যের পাশাপাশি মিরসরাই শিল্পাঞ্চলের শিল্পবর্জ্যও ব্যবস্থাপনা করা হবে। এ বিষয়ে প্রাথমিক সমীক্ষা ও অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতিও চলছে।

প্রকল্পের নথি অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ২০০টি জাহাজ পুনর্ব্যবহার করা হয়। লাইট ডিসপ্লেসমেন্ট টন (এলডিটি) হিসাবে বিশ্ববাজারের প্রায় ৩০ শতাংশ বাংলাদেশের দখলে। ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৬ হাজার জাহাজ পুনর্ব্যবহারের উপযোগী হবে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শিল্পসচিব।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) উপদেষ্টা জহিরুল ইসলাম রিংকু বলেন, আগামী এক দশকে বাংলাদেশ বিশ্ববাজারের ৪০ শতাংশ অংশীদারত্ব অর্জন করতে পারলে ৬ হাজার থেকে ৭ হাজার জাহাজ পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে বছরে ৬০০ থেকে ৭০০ জাহাজ পুনর্ব্যবহারের সক্ষমতা প্রয়োজন হবে। অথচ গত এক দশকে দেশে সর্বোচ্চ বছরে প্রায় ৩০০টি জাহাজ পুনর্ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপে গ্রিন স্টিল উৎপাদনে ইলেকট্রিক আর্ক ফার্নেসের ব্যবহার বাড়ায় স্ক্র্যাপ স্টিলের চাহিদা বৃদ্ধি পাবে। এতে বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পের গুরুত্ব আরও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক জাহাজমালিকদের আস্থা অর্জনে বিপজ্জনক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা এবং বর্জ্য উৎপাদনের উৎস থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অনুসরণযোগ্যতা নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে নির্ধারিত মাসিক ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ইয়ার্ডগুলো বাস্তবায়ন করেছে। বর্তমানে সরকার মজুরি কাঠামো পর্যালোচনা করছে। এ প্রক্রিয়ায় শিল্পমালিকদের সংগঠনও যুক্ত রয়েছে।

শিল্পসচিব আরও জানান, জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনা কমাতে বিএসআরবির পরিদর্শন ও গবেষণা সক্ষমতা বাড়ানো হচ্ছে। বোর্ডের চট্টগ্রাম কার্যালয় ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশগত শ্রেণিবিন্যাসে শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে লাল থেকে কমলা শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে সেন্সরেক-ডিডব্লিউ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে নরওয়ে।

প্রকল্পটির আওতায় বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পকে হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ও আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডের উপযোগী করা হবে। পাশাপাশি ইয়ার্ডে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন, বিএসআরবির তদারকি কার্যক্রম ডিজিটালাইজেশন এবং আইনগত সংস্কারে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে প্রচলিত ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিএসবিআরএর সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় আইএমওর প্রকল্প কারিগরি ব্যবস্থাপক জন আলোনসো, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং ঢাকায় নরওয়ের দূতাবাসের উপপ্রধান আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন উপস্থিত ছিলেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত