ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, গাড়িতে আগুন দেওয়া কিংবা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। যারা এ ধরনের কর্মকাণ্ড করছে, তারা সন্ত্রাসী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, একসময় গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।
এ প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
সারা দেশে সক্রিয় ‘পঞ্চম বাহিনীকে’ রাস্তাঘাটে প্রতিরোধের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তাঁর দাবি, প্রতিবেশী দেশ ভারত থেকে এই বাহিনীকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কাহিনি বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান খাটো করে দেখানো হয়েছিল।
নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রিজভী।
বক্তব্য শেষে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসএস
