কক্সবাজারের ইনানীতে রিসোর্ট অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
১৭ অক্টোবর, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ৭ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এসএস
