চট্টগ্রাম নগরীর খুলশীতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত থাকার অভিযোগে ৭০ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই ভবনে অভিযান চালানো হয়। সেখানে অবস্থান করা ৭০ বিদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের অনলাইন স্ক্যামিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
[ad_OwixA1az]ওসি বলেন, বিদেশিরা ভবনটি ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক স্ক্যামিং কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা কতদিন ধরে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন এবং এর সঙ্গে দেশি-বিদেশি আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানে ওই ভবন থেকে দেড় শতাধিক ল্যাপটপ, বিপুলসংখ্যক মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার করা সরঞ্জাম যাচাই করে অনলাইন স্ক্যামিং কার্যক্রমের বিস্তৃতি ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে পুলিশ।
[ad_ujVHoYsI]
