শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে শুরু হওয়া আন্দোলনের কর্মসূচি ইতোমধ্যে কার্যকর হতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

৫ সেপ্টেম্বর, শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। আপনারা বলছেন—এই করলে, সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

[ad_OwixA1az]

লংমার্চের পথে কোনো ধরনের বাধাকে পরোয়া করা হবে না জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছেন। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি তেল-গ্যাসের সংকট নিরসন, সারের সংকট দূর করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

তবে সমাবেশে শফিকুর রহমান জানান, ছয় দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত হচ্ছে। তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনোভাবেই বরদাশত করা হবে না।

মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পাঁচটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত