‘দীর্ঘদিন ধরে দুটি পরিবার আনোয়ারার রাজনীতি নিয়ন্ত্রণ করছে। যোগ্যতা থাকলেও এসব পরিবারের বাইরে গিয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ অনেকেরই নেই। ৩০–৪০ বছর বাবার রাজনীতি করার পর আবার তার ছেলের পেছনে রাজনীতি করতে হয়।’
আনোয়ারার রাজনীতিতে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের সমালোচনা করে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব জুবাইরুল আলম মানিক।
৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[ad_OwixA1az]জুবাইরুল আলম মানিক বলেন, ‘এনসিপি পরিবারতন্ত্রের অবসান চায়। গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্রকে আমরা সমর্থন করি না। যোগ্যতা থাকলে একজন কৃষকের সন্তানও একদিন সংসদ সদস্য, এমনকি প্রধানমন্ত্রী হতে পারবেন—এটাই আমাদের বিশ্বাস।’
স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার কিংবা কেন্দ্র দখলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এনসিপি থাকতে কোনোভাবেই কেন্দ্র দখল করে ভোট নেওয়া চলবে না।
অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক তরুণ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন। নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান দলের নেতারা। এ সময় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের তথ্যমতে, জুঁইদণ্ডী জে কে এস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার শফিকুল ইসলামের নেতৃত্বে ৪০ জন, কর্ণফুলীর ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ৪০ জন এবং উপজেলা ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্যসচিব মাইনুল ইসলাম ফাহিমের নেতৃত্বে ২০ জন এনসিপিতে যোগ দেন।
এ ছাড়া হাফেজ কারী সাইফুল ইসলামের নেতৃত্বে ২০ জন, আনোয়ারা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরমান উদ্দিনের নেতৃত্বে ২০ জন, শাহরিয়ার শাহেদের নেতৃত্বে ১০ জন এবং জাহিদুল ইসলামের নেতৃত্বে আরও ২০ জন নেতাকর্মী দলটিতে যোগ দেন।
আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব রিদুওয়ানুল করিম হৃদয়।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কাইয়ুমুল ইসলাম, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক সাঈদ মোহাম্মদ ইফতিখার, দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান চৌধুরী মিশকাত ও যুগ্ম সদস্যসচিব জিয়াউর করিম।
এ সময় দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সিফাত চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকাশ নূর, এ কে এম মুরশেদ ও শাহেদুল ইসলাম শাহেদ, দপ্তর সম্পাদক ইরফান মাহমুদ আল সাইদ, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন চৌধুরী হিমেল, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. শাহেদুল আলম, নারীবিষয়ক সম্পাদক ডালিয়া বড়ুয়া, সহ-নারীবিষয়ক সম্পাদক জোবাইদা হক তানজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এসএস
[ad_ujVHoYsI]
