মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।

৩ আগস্ট, সোমবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148 থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মোহাম্মদ তুষার নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148-এ চট্টগ্রামে পৌঁছান মোহাম্মদ তুষার। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পেস্ট/পাউডার আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়।

[ad_OwixA1az]

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পেস্ট/পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিকভাবে এর ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরীক্ষা শেষে স্বর্ণের চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সংশ্লিষ্ট সব সংস্থার নজরদারি আগের মতোই জোরদার থাকবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত