চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দর টিলা এলাকায় কনটেইনার লরির চাপায় মো. মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
২৪ জুলাই, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বানৌজা ঈসা খাঁ গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বড় বাদুর গ্রামের মো. হালিম শেখের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর সিঅ্যান্ডবি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
[ad_OwixA1az]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলের সড়কটি বেশ কিছুদিন ধরে খানাখন্দে ভরা। রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি কনটেইনার লরির চাপায় গুরুতর আহত হন মেহেদি হাসান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, একটি কনটেইনার লরি মোটরসাইকেল আরোহী মেহেদি হাসানকে চাপা দিলে তিনি নিহত হন। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
এসএস
[ad_ujVHoYsI]
