বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

এক যুগ পর জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ভূমি নিয়ে মামলার নিষ্পত্তি

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রায় ১২০ কোটি টাকার ভূমি-সংক্রান্ত দীর্ঘ ১২ বছরের আইনি জটিলতার অবসান হয়েছে। ২০১৪ সাল থেকে চলমান এ মামলায় আদালত রিভিশন আবেদন খারিজ করে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পক্ষে রায় দিয়েছেন।

এ রায়ের ফলে দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটার পাশাপাশি হাসপাতালের ভূমি ও সম্পত্তির স্বার্থ সুরক্ষিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের পথ আরও সুগম হবে বলেও তারা মনে করছেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, ধৈর্য, ঐক্যবদ্ধ অবস্থান ও আইনি লড়াইয়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। এক যুগ ধরে হাসপাতালের স্বার্থ, সেবার ধারাবাহিকতা, মূল্যবান ভূমি ও সম্পত্তির সুরক্ষা এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তারা আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

[ad_OwixA1az]

আদালতের এ রায়কে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ন্যায়বিচারের বিজয় এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হানুল আনোয়ার রাহী এবং জাহাঙ্গীর আলম বাবর।

তারা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায়ের মাধ্যমে শুধু একটি মামলার নিষ্পত্তিই হয়নি, বরং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সম্পদ, সুনাম ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংহত করার ভিত্তি তৈরি হয়েছে।

তারা আরও বলেন, আদালতের এ রায় হাসপাতালের উন্নয়ন, সুশাসন, আধুনিকায়ন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি হাসপাতালের ভূমি ও সম্পত্তি সংরক্ষণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে ব্যবস্থাপনা কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ রায়ের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী, আদালত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের শুভানুধ্যায়ী এবং দীর্ঘ আইনি লড়াইয়ে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে তারা হাসপাতালের সেবার মানোন্নয়ন, সম্পদের সুরক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত