সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ এবং ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ জুলাই, শনিবার সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নাঈম উদ্দিন দৌলতপুর ফুলতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে।
[ad_OwixA1az]পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নাঈম উদ্দিন সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর পোস্ট করতেন।
পাশাপাশি ভুক্তভোগীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে হয়রানি করে আসছিলেন। বৈবাহিক জীবনে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্য চাপ দিতেন।
পরে আদালতে মামলা হওয়ার পর স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করলেও বিচ্ছেদের পরও অপপ্রচার ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে হয়রানি অব্যাহত রাখেন। ভুক্তভোগীর আবেদনের পর আদালতের নির্দেশে গত ৬ জুলাই কর্ণফুলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ১২ জুলাই, রোববার তাকে আদালতে পাঠানো হয়।
এসএস
[ad_ujVHoYsI]
