মঙ্গলবার, জুন ২, ২০২৬

চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারির যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭ মে, বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালীর কবিরহাট থানার খেরির দিঘী গ্রামের সিরাজের ছেলে মো. দেলোয়ার (৪০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাতাচৌ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রাজা মিয়া (৪০)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি খোলা ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় তৎকালীন এসআই জমির উদ্দীন বাদী হয়ে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত