মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জনভোগান্তি চরমে পৌঁছায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই স্বল্প বৃষ্টিতেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে পড়ে।

নগরের প্রবর্তক মোড় এলাকায় হাঁটুসমান পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। কোথাও কোথাও পানির উচ্চতা আরও বাড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই অবস্থা দেখা গেছে রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকাতেও।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবর্তক এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকছে।

ভোগান্তিতে পড়া পথচারী আনিসুজ্জামান দুলাল বলেন, ‘সড়কে পানি জমে যাওয়ায় হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রিকশাভাড়াও বেড়ে গেছে। স্বাভাবিক ভাড়া ৩০ টাকা হলেও এখন ৫০ থেকে ৬০ টাকা দিতে হচ্ছে।’

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকার পাশেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত