চট্টগ্রাম মহানগরীতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ১০ এপ্রিল, শুক্রবার বাদ জুমা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব মজলিস সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, জুলাই যোদ্ধা ও জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন, মোহাম্মদ দিদারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার শোয়াইব উল্লাহ, যুব মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস, দপ্তর সম্পাদক ডাক্তার আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ নোমানী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয় , ১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, ২. জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হবে, ৩. সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে
সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় প্রদান করেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব গ্রহণযোগ্য নয়। তারা বলেন, জনগণের সার্বভৌম মতামতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই এবং দ্রুত ও পূর্ণাঙ্গভাবে সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরো বলেন, এ বিষয়ে যদি অযথা বিলম্ব বা টালবাহানা অব্যাহত থাকে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজপথে কর্মসূচি জোরদার করা হবে। জনগণের ন্যায্য দাবি আদায়ে এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএস



