শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামে বিতর্কিত মুনিরিয়া যুব তাবলীগের মামলায় জুলাই যোদ্ধা আটক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে দীর্ঘদিন ধরে বিতর্কিত মুনিরীয়া যুব তবলীগের করা মামলায় জুলাই আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি বাসা থেকে হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী সাদেক আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ওসি জাহেদুল কবির জানান, রাউজান থানায় মুনিরীয়া যুব তবলীগের করা এক মামলায় সাদেক আব্দুল্লাহ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বলেন, ‘রাউজান থানায় করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সে অনুযায়ীই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান থানা পুলিশ তাকে হস্তান্তর করা হবে।’ তবে তিনি জানান, সাদেক জুলাই আন্দোলনের নেতা কি না, তা তাঁদের জানা নেই।

২০২৪ সালের জুলাই–আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে সাদেক আব্দুল্লাহ ছিলেন অন্যতম সক্রিয় মুখ। আন্দোলনের সময় তার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি মহসিন কলেজ ছাত্রশিবিরের সাথী হিসেবে পরিচিত।

রাউজানভিত্তিক ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তবলীগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ–ঘনিষ্ঠতার অভিযোগে সমালোচিত। সংগঠনটির প্রধান মুনির উল্লাহ (প্রকৃত নাম সৈয়দ তফাজ্জল আহমেদ মুনিরী)–কে ঘিরে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় আবরণে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ‘৫০৮ খতমে কোরআন’ আয়োজনের পর সংগঠনটি দেশজুড়ে আলোচনায় আসে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরকে ঘুষ দেওয়ার অভিযোগেও সংগঠনটি পূর্বে বিতর্কে ছিল।

সাদেকের ভাই আল আমিন সাব্বির অভিযোগ করে বলেন, ‘গত বছর আওয়ামী লীগের ছায়াতলে থাকা মুনিরীয়া যুব তবলীগ অন্যায়ভাবে মামলাটি করে। আমরা মামলার বিষয়টি জানতামই না। কোনো তদন্তও হয়নি। হঠাৎ পুলিশ এসে আমার ভাইকে তুলে নিয়ে গেল। মুনিরীয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়েছে।’

চট্টগ্রাম এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের গ্রেপ্তার হয় না। উল্টো হয়রানিমূলক মামলায় জুলাই আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করা হলো। ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে যাব।’

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত