শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামে দু’গ্রুপের গোলাগুলি: অস্ত্র উদ্ধার, পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ব্যবহৃত একটি দেশীয় শটগান এবং দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযান চালানোর খবর পেয়ে সন্ত্রাসী মো. ফারুক হোসেন পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

৪ এপ্রিল, শনিবার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলিতে অন্তত চারজন আহত হন। পরে ঘটনাস্থল ঘিরে অভিযান চালিয়ে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ।

আহত চার জন হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এর মধ্যে ফাহিম ১২ বছরের শিশু। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত চার জনের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা আকস্মিকভাবে তাদের প্রতিপক্ষ সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রতিপক্ষের কেউ আহত না হলেও পথচারী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও ময়দার মিলের কর্মচারী আহত হন।

পুলিশ জানায়, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মোরশেদ খান এলাকায় ফিরে এলে তার প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা শনিবার প্রতিপক্ষের ওপর হামলা করেন। কিন্তু প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ লোকজন আহত হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পূর্ববিরোধের জেরে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা গুলি করলে পথচারীরা আহত হন। এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে মোরশেদ খানের পাঁচ অনুসারীকে আটক করে। ঘটনায় জড়িত অস্ত্রধারী ও বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত