সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। শিগগিরই বর্হিঃনোঙরে ভিড়বে আরো একটি জাহাজ।

৩ এপ্রিল, শুক্রবার দুপুর ২টার দিকে হংকংয়ের পতাকাবাহী ‘ইউয়ান জিং হে’ নামের তেলবাহী জাহাজটি ডলফিন জেটি-৬-এ বার্থিং করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া থেকে আরেকটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে বের হয়ে বঙ্গোপসাগরের পথে রয়েছে এবং শুক্রবার রাতের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চীন থেকে রওনা হওয়া একটি এলপিজি জাহাজও শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজ যুক্ত হলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে আসবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা এটি নবম জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে দেশের জ্বালানি নিরাপত্তা দৃঢ় থাকবে এবং বিপর্যয়কালীন সময়ে জ্বালানি সঙ্কট এড়ানো সম্ভব হবে।
এসএস



