চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

১২ মার্চ, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে খাতুনগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আরিফ হোসেন ওরফে সিয়ান্দর (৩০) এবং মো. রুবেল (৩৫)। তারা কুমিল্লা জেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে চুরির কার্যক্রম চালিয়ে আসছিলেন।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায় এবং কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি করা ১২টি থ্রি-পিস এবং ৩টি দামী লেহেঙ্গা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত লম্বা কাটার, লোহার কাঁচি ও স্ক্রু-ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। সিয়ান্দর ওরফে আরিফের বিরুদ্ধে কোতোয়ালী ও বাকলিয়া থানায় এবং রুবেলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএস



