চট্টগ্রামের কর্ণফুলীতে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার খোলা সেপটিক ট্যাংকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল।
অনুষ্ঠানস্থলের আশপাশে খেলাধুলার সময় সে পাশের নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
শিশুটিকে উদ্ধারকারী তৌহিদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার থেকে চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে একটি শিশুকে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখেন। উপস্থিত অনেকে সাহস না পেলেও তিনি ট্যাংকে নেমে শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের ভবনটি হক কনভেনশন হলের মালিকের আত্মীয় কামনুর নাহারের। বারবার সতর্ক করার পরও সেপটিক ট্যাংকে ঢাকনা দেওয়া হয়নি, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
কর্ণফুলী থানার এসআই মো. জয়নাল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস



