শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে

ফটিকছড়িতে নুরুল আমিনের দিনব্যাপী গণসংযোগ

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জাতীয় নির্বাচনকে ঘিরে ক্রমেই জমে উঠছে নির্বাচনী প্রচার–প্রচারণা। পুরো ফটিকছড়িজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ২৬ জানুয়ারি, সোমবার দিনব্যাপী ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের হারুয়ালছড়ি এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন এবং বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অধ্যক্ষ নুরুল আমিন কৃষক, কৃষাণী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। একই সঙ্গে বিভিন্ন পথসভায় তিনি ফটিকছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নভিত্তিক রাজনীতির বার্তা তুলে ধরেন।

কর্মসূচির শুরুতে তিনি হারুয়ালছড়ি ইউনিয়নের ১, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে কৃষক ও কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন, বাজার ব্যবস্থাপনা, ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নানা সমস্যার খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “গ্রামের কৃষক, শ্রমিক, মুরুব্বি আর তরুণদের কষ্ট আমি খুব কাছ থেকে দেখি। তাই কাগুজে রাজনীতি নয়, আপনাদের বাস্তব সমস্যার কথা বলতেই আমি মাঠে নেমেছি।”
দুপুরে তিনি ভূজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরের ১৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও মহতি ধর্মসভায় অংশ নেন। এ সময় তিনি আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এবং ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। ধর্মসভার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দিনের কর্মসূচি শেষে রাতে অধ্যক্ষ নুরুল আমিন হারুয়ালছড়ি ও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন। অফিস উদ্বোধনকালে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের ‘হ্যাঁ ভোট’ প্রদানের অনুরোধ করেন।
এ সময় তিনি বলেন, “ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের একটি ভোটই বদলে দিতে পারে ফটিকছড়ির ভবিষ্যৎ। আর একটি হ্যাঁ ভোট বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা সবাই মিলে একটি উৎপাদনশীল, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ ও ফটিকছড়ি গড়ে তুলতে চাই।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজসহ ভূজপুর ও ফটিকছড়ির সাবেক জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা আগামী দিনে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত