শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি সানাউল্লাহ

নোয়াখালী প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের সততা নষ্ট হওয়ার কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না। যারা সঠিক পদ্ধতি অনুসরণ না করে ভোট দেন, তাদের ভোট বাতিল হবে। তিনি আরও জানান, সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালটের গণনায় সময় বেশি লাগতে পারে। প্রবাসীরা তাদের পোস্টাল ব্যালটে থাকা ১১৯টি প্রতীক এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করবেন যে তারা কোথায় ভোট দিয়েছেন।

২৭ জানুয়ারি, মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, এবারের ভোটের প্রতি জনগণের আগ্রহ খুব বেশি। এটিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রূপান্তর করতে হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ যেন অন্যের ভোট দেওয়ার সুযোগে বাধা না সৃষ্টি করে। তবে কেউ চাইলে নিজের ভোটারকে সঙ্গে নিয়ে আসতে পারবে। প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারছে।

তিনি পোস্টাল ব্যালট প্রসঙ্গে জানান, প্রবাস ও দেশের ভিতরের ভোট আলাদা হবে। প্রবাস থেকে আসা পোস্টাল ব্যালট সরাসরি ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। আর দেশের ভিতর থেকে আসা পোস্টাল ব্যালট স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে সরবরাহ করা হবে।

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের আইন-শৃঙ্খলা, ভোটের পরিবেশ ও গণভোট বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন।

ক্লিক/এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত