শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ

ফের লাখ টাকার জরিমানা গুনল মাবিয়া

সাইফুল ইসলাম

উত্তর চট্টগ্রামের জনপ্রিয় বেলা বিস্কুট উৎপাদনকারী মাবিয়া বেকারিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ফের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নুর বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ আগস্ট, মঙ্গলবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মাইজভান্ডার সড়কে অবস্থিত এই দুই বেকারিতে অভিযান পরিচালনা করেন নাজিরহাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। অভিযানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, বাহ্যিকভাবে চটকদার বিজ্ঞাপন দিলেও বেকারিগুলোর ভেতরে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন চলছে। এর আগেও, চলতি বছরের ১৪ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মাবিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে মাবিয়া বেকারি অ্যান্ড সুইটসকে এক লাখ টাকা এবং নুর বেকারিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চাইলে এসব প্রতিষ্ঠান সিলগালা করা সম্ভব হলেও স্থানীয় ব্যবসায়ী নেতাদের কারণে তা করা যাচ্ছে না। তবে ভবিষ্যতে যদি একইভাবে অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন চালু থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত