চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে সুপ্তা মাঝি (১৫) নামে এক চা শ্রমিক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোররাতে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই রতন দাশ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, সুপ্তা ও রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন দাশ চাইতেন, সুপ্তা চা-বাগানের কাজ ছেড়ে সেলাইয়ের কাজ শেখুক। কিন্তু সুপ্তা রাজি না হওয়ায় দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।

তিনি বলেন, শনিবার গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



