চট্টগ্রাম নগরীতে আটটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
৫ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে আটটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা, পাঁচলাইশ এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অপর এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ব্যবসায়ীর অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে, কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি উপকরণ ও সারের বাজারে শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের তদারকি ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এসএস
