ফেসবুকে প্রকাশ্যে ‘জুতা পেটা’ ও ‘পচা ডিম থেরাপি’ দেওয়ার হুমকির অভিযোগে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাঈল গণী।
১০ জুলাই শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় তিনি এ সাধারণ ডায়রি করেন। এতে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় নির্বাচনসংক্রান্ত একটি রিট মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘Sujon Majhi Fatikchhari’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে একটি পোস্টে তাঁকে প্রকাশ্যে ‘জুতা পেটা’ ও ‘পচা ডিম থেরাপি’ দেওয়ার আহ্বান জানানো হয়। তাঁর দাবি, পোস্টটি অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার পায়, যা তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
[ad_OwixA1az]এ ছাড়া ‘Syed Giash Uddin’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও তাঁকে নিয়ে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট করা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।
সাধারণ ডায়রিতে ইসমাঈল গণী উল্লেখ করেন , পেশাগত দায়িত্ব পালনের কারণে এ ধরনের হুমকি তাঁর জীবন, শারীরিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং পরিবারের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁদের সহযোগীরা তাঁর ক্ষতি করতে পারেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান এর মোবাইলে একাধিক চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এসএস
[ad_ujVHoYsI]
