বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

বাজেট বাস্তবায়নে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে চলতি বাজেট সফলভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি নতুন গতি পাবে এবং আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৪ জুলাই, শনিবার সকালে চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকার বন্দর অঞ্চলে ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চল এবং ফ্রি জোনগুলো চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্রে আমূল পরিবর্তন আসবে।

[ad_OwixA1az]

তিনি জানান, দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে বিনিয়োগে অনেক বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে চীনের বহু বিনিয়োগকারী দেশে বিনিয়োগ করতে চান। সরকার তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে একনেক সভায় চায়না অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের সব কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়লে চট্টগ্রাম সত্যিকার অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত