চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে প্রশাসনিকভাবে পাঁচটি থানায় বিভক্ত করার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ প্রস্তাব উত্থাপন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

৩১ মে, শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের বিশেষ সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় সরোয়ার আলমগীর বলেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে ফটিকছড়ি দেশের অন্যতম বৃহৎ উপজেলা। বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান কাঠামো পর্যাপ্ত নয়। তাই উপজেলাটিকে পাঁচটি থানায় বিভক্ত করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, “ফটিকছড়িকে পাঁচটি থানায় বিভক্ত করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা সম্ভব হবে। পাশাপাশি জনগণ দ্রুত ও সহজে পুলিশি এবং প্রশাসনিক সেবা পাবে।”
প্রস্তাবের যৌক্তিকতা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী নীতিগতভাবে সম্মতি জানান এবং বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, কারা মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসএস



