চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ মে, বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার বিবিরহাট ১ নম্বর রোডের দক্ষিণ পাশে অবস্থিত ‘হাসান টাওয়ার-১’ নামক বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম কারিম (২ বছর ৬ মাস)। সে সৌদি আরব প্রবাসী চৌহমনি এলাকার বাসিন্দা মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় শিশুটি ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে ছাদের রেলিংয়ের পাশে বসানো প্লাস্টিকের পাইপ লাইনের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকানোর চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এসএস



