সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

নির্ধারিত সময়েও অফিসে দেখা মিলেনি উপজেলা কৃষি কর্মকর্তার!

হাটহাজারী প্রতিনিধি

নির্ধারিত সময়ে সরকারি অফিসে উপস্থিত থাকার জন্য সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তার পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা উপজেলার কৃষি অফিসে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা।

অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠায়। তবে সেই নির্দেশনার বাস্তবায়ন কতটা হচ্ছে, তা দেখতে রোববার সকালে নজর রাখা হয় হাটহাজারী উপজেলা কৃষি অফিসে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টায় অফিস শুরু হলেও ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে উপস্থিত হননি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। একই সময়ে অন্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিল খুবই কম।

নাম প্রকাশ না করার শর্তে ঠিক সময়ে অফিসে আসা এক কর্মচারী জানান, অধিকাংশ দিন বেশিরভাগ কর্মকর্তা দেরি করে আসেন। বিশেষ করে জরুরি সভা না থাকলে কর্মকর্তারা সাড়ে ৯টার পর, কেউ ১০টায়ও অফিসে আসেন।

বিলম্বে অফিসে আসার বিষয়টি স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক অসুবিধার জন্য আজ রবিবার অফিসে আসতে দেরি হয়েছে। তবে এ বিষয়টি তিনি তার উর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা জানতে চাইলে, তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা বিলম্বে অফিসে আসার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তাই, আজ (সোমবার) উপজেলা সকল কর্মকর্তাদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিষয়টির ব্যাপারে সকল কর্মকর্তাকে সচেতন করা হবে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক জানান, যদি এই বিষয়টি ওই কর্মকর্তার অভ্যাসগত বিষয় হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[Image not available]

সম্পর্কিত