চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত চারটি দরজা খুলে রেললাইনের পাশে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

১৯ এপ্রিল, রোববার দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম জানান, ঘটনার পর ট্রেনটি দোহাজারী স্টেশনে এসে থামে। চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রেনটির পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে চারটি সম্পূর্ণ খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা বগির সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছে। প্রায় ২৫ মিনিট বিরতির পর ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে ট্রেনটির ঘষা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রেনটির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস



