বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

সাবেক এমপি মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ফেনী-ঢাকায় ১১ মামলা

ডেস্ক রিপোর্ট

সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-এর বিরুদ্ধে ফেনী ও ঢাকায় মোট ১১টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

২৪ মার্চ, মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, এসব মামলার মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বর্তমানে বিচারাধীন। এসব মামলায় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ফেনীতে আরও তিনটি এবং ডিএমপির আওতাধীন পাঁচটি মামলাসহ মোট আটটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

[ad_OwixA1az]

পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন এবং অর্থসংক্রান্ত গুরুতর অপরাধের অভিযোগে পল্টন, বনানী, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় একাধিক মামলা রয়েছে। পাশাপাশি দুর্নীতিদমন কমিশন (দুদক) ও সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি মানব পাচার মামলায় মোট ১০১ জন আসামির মধ্যে তিনি তৃতীয় নম্বর এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছিল। অবশেষে সোমবার তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

এক-এগারো সময়ের অভিযোগ তদন্তে আসবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ নির্দিষ্ট মামলার ভিত্তিতেই তদন্ত করে থাকে এবং সংশ্লিষ্টতার প্রমাণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, অতীতে একাধিকবার তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সাম্প্রতিক নয়; বেশিরভাগই পুরোনো এবং এসব মামলার বাদীরা সাধারণ মানুষ।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত