শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, আটক ১৩

ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯টি ড্রেজার জব্দসহ ১৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় সমুদ্র উপকূল থেকে বালু উত্তোলন এবং পাইপলাইনের মাধ্যমে কৃষিজমি ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
গতকাল সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উপকূলের নির্দিষ্ট স্থান থেকে সীমিত পরিসরে বালু উত্তোলনের অনুমতি দিলেও সাগরের ভেতর থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান বন্দরের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে বালু উত্তোলন ও জমি ভরাট কার্যক্রম বন্ধ করা হয়েছে। খাস জমি যথাযথ বন্দোবস্ত ছাড়া ভরাটের সুযোগ নেই। জমির শ্রেণি পরিবর্তন, খাস জমির পরিমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ড উপজেলার কুমিরা, বাঁশবাড়িয়া, মুরাদপুর ও সৈয়দপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিশেষ করে বড় পাইপলাইনের মাধ্যমে সাগর থেকে বালু তুলে দুই ও তিন ফসলি উর্বর জমি ভরাট করা হচ্ছিল।
সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃদুল চন্দ্র দাস জানান, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর থেকে সৈয়দপুরের বগাচতর পর্যন্ত শতাধিক ড্রেজার দিন-রাত বালু উত্তোলন করছে। এতে জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না এবং অনেকের জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহু জেলে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন এবং আর্থিক সংকটে পড়েছেন।
সূত্র : বাসস।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত