শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভোটের আমেজে চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড়, বাস সংকটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের আমেজে মেতেছে পুরো দেশ। এ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার ঘোষিত টানা তিন দিনের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজারো মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন প্রবেশপথ ও  কাউন্টারগুলোতে দেখা গেছে মানুষের জনস্রোত। বিশেষ করে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে যাওয়ার প্রধান পয়েন্ট অক্সিজেন মোড়ে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যাচ্ছে। খাগড়াছড়িগামী যাত্রী নুরুল আমিন জানান, ইপিজেড থেকে ছুটি নিয়ে সকাল ৮টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন তিনি। অতিরিক্ত ভিড়ের সুযোগে অনেক পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন যাত্রীরা। তবে কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া দামপাড়া, এ কে খান, অলংকার, কর্নেলহাট এবং এক কিলোমিটার এলাকার বাস কাউন্টারগুলোতেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
বাসের তুলনায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল আরও বেশি, যাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘ঈদের আমেজ’ হিসেবে অভিহিত করেছেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ জানান, সকাল থেকে সবকটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যে রওনা দিয়েছে। তবে অতিরিক্ত চাপের পাশাপাশি ইঞ্জিন সংকটের কারণে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক ধারণা করছেন, বিকেলের দিকে যাত্রীদের এই ভিড় আরও বাড়বে।
নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকার তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আদেশ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ ছুটি এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ সরকারি ছুটি কার্যকর থাকবে। মূলত টানা এই ছুটিকে কাজে লাগিয়ে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দলে দলে মানুষ এখন নিজ নিজ গ্রামের পথে ছুটছে।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত