আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৫ (হাটহাজারী, বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

৩১ জানুয়ারি, শনিবার সকাল তিনি হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের একাধিক ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় লেংগার দোকান, মাদার্শা হাইস্কুল (জোড়পুকুর), তেমহনী বাজার, ছৈয়দ আহম্মদ হাট, রোসিঙ্গা ঘোনা, মাছোয়াঘোনা, বদিউল আলম হাট, লোহারপুল, মাহলুমা বাজার, মাদারীপুল ও বাড়িয়াঘোনা এলাকার হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, হাটহাজারীতে গত দেড় দশকে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা গোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোটকেন্দ্রে যাওয়া ও ভোট প্রদান শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ, নারী ভোটারদের বিপুল সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষেই থাকবে।
ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, ধানের শীষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। অতীতেও এ দেশের নারীরা বারবার গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএস



