শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করবে চসিক ও এপিক গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এপিক গ্রুপের সৌজন্যে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর ভবনে মেয়রের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করেছে এপিক গ্রুপ।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও এপিক গ্রুপ এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব অভিষেক দাশ এবং কর কর্মকর্তা এ. কে. এম. সালাহউদ্দিন।

এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, আর্ত মানবতার সেবায় এপিক গ্রুপের অঙ্গসংগঠনগুলো সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও থাকবে। চসিকের সঙ্গে আমাদের এই উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে এবং এই শীতে সবাই নিজ নিজ আশপাশের শীতার্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবে বলে আমরা আশা করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন নুর মোহাম্মদসহ এপিক গ্রুপ ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

চসিক সূত্র জানায়, শীতবস্ত্রগুলো পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত