৫৮ বছর বয়সী গ্রাম পুলিশ আবুল বশরের হাতে নেই আধুনিক অস্ত্র বা ভারী বুট। শুধু খাকি পোশাক, মেঠোপথে হেঁটে চলার অভ্যাস এবং কর্তব্যপরায়ণ সাহস। শুক্রবার বিকেলে সেই সাহসই ফলিয়েছে এক পরিত্যক্ত একনলা বন্দুক উদ্ধার করে।
ঘটনা সূত্রপাত যেভাবে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামের উর্মী আকতার তার স্বামী মো. রমজান আলীর বিরুদ্ধে সংসারের অশান্তি ও বিভেদের অভিযোগে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী নিয়ম অনুযায়ী রমজান আলীর নামে নোটিশ পাঠান। একবার, দুইবার হলেও রমজান তা উপেক্ষা করেন।
চেয়ারম্যান তখন তার সবচেয়ে বিশ্বস্ত ও নিষ্ঠাবান গ্রাম পুলিশ আবুল বশরকে পাঠান। নির্দেশ ছিল—রমজানকে ‘স্ব-শরীরে’ ডেকে আনতে হবে। শুক্রবার বিকেলে বশর রমজানের বাড়িতে পৌঁছালে, অপরাধী পালানোর চেষ্টা করেন। কিন্তু বশরের চোখ ফাঁকি দেয়নি। ঘরে তল্লাশি চালিয়ে তিনি উদ্ধার করেন একটি পরিত্যক্ত একনলা বন্দুক।
[ad_OwixA1az]বশর দ্রুত বন্দুকটি ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, বারবার তাগাদা দিয়েও রমজানকে আনা যায়নি। বশরের সাহসিকতার মাধ্যমে অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এটি ভুজপুর থানায় হস্তান্তর করেছি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, এটি ‘পরিত্যক্ত বস্তু সদৃশ’ বন্দুক। জিডিতে তা উল্লেখ করা হয়েছে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এখন আবুল বশরকে ‘দুঃসাহসী নায়ক’ হিসেবে দেখছে। সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, আবুল বশর আমাদের আশার আলো। তার নিষ্ঠা ও সততা অন্যদের জন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসা বশর প্রমাণ করলেন—নায়ক হতে পদক নয়, প্রয়োজন শুধু কর্তব্যের প্রতি আনুগত্য।
[ad_ujVHoYsI]
