বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ফটিকছড়িতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ভূজপুরে একদিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে দাঁতমারায় মাটি চাপা পড়ে মারা গেছেন এক যুবক।

২৭ অক্টোবর, রবিবার সকালে পশ্চিম ভূজপুরের সৈয়দবাড়ি এলাকার একটি পুকুর থেকে মুহাম্মদ আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

নিহতের ছেলে আরিফ জানান, তাঁর পিতা গত ২৬ অক্টোবর দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। তিনি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতার কারণে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিলবালুখালী ছানাগোনা এলাকায় টিলা থেকে মাটি কাটার সময় মাটিচাপায় মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবক মারা গেছেন।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার নুরুল ইসলামের পুত্র।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অবৈধ মাটি কাটার বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত