চট্টগ্রামের খুলশী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলশীর ঝাউতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি। তবে পুলিশ বক্সের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে জাকির হোসেন সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে একদল বিক্ষুব্ধ অটোরিকশাচালক সড়কে নেমে এসে পুলিশ বক্স ভাঙচুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ জানান, অটোরিকশা জব্দের প্রতিবাদে বিক্ষুব্ধরা বক্স ভাঙচুর করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে শহরে যানজট ও দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান চালানো হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।



