শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসীদের আস্তানায় র‌্যাব-পুলিশের অভিযান, গ্রেফতার ১০

দেশীয় অস্ত্র, গুলি ও ইলেকট্রিক শক মেশিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যার নেতৃত্বে পরিচালিত একটি সন্ত্রাসী আস্তানায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, ইলেকট্রিক শক মেশিন, দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানা পুলিশ ও র‌্যাব জানায়, বিকেলে সন্ত্রাসী শহিদুল ইসলাম ও তার সহযোগীরা ফরিদার পাড়া এলাকায় শোডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি চালায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা ও র‌্যাব-৭ (সিপিসি-৩) যৌথভাবে অভিযানে নামে এবং বহদ্দারহাট কাঁচা বাজারের পাশের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বোরহান উদ্দিন (৩০), শান্ত মজুমদার (২০), মো. আল আমিন (২৫), মো. মারুফ (১৮), মো. মিজানুর রহমান (৩২), মো. রোকন উদ্দিন (২৯), মো. অন্তর (২২), ঋভু পাল (২১), মো. রাহাত (১৮), মো. ফরহাদ (২৪)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

তবে থানা সংলগ্ন এলাকায় এত বড় সন্ত্রাসী আস্তানা কীভাবে গড়ে উঠল এমন প্রশ্নে ওসি বলেন, “আমাদের কাছে আগে কোনো নির্দিষ্ট তথ্য ছিল না। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই।”

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির বলেন, কিছু জানার থাকলে অফিসে আসুন, অফিসে এসেই তথ্য নিন।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত