শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

অবশেষে সীতাকুণ্ড-সন্দ্বীপে ফেরি চলাচল শুরু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের বহুল প্রতীক্ষিত নৌ পথে ফেরি ও বিআরটিসি বাস সার্ভিস চলাচলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে এ ফেরি ও বাস সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।ফেরি ও বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানিয়ে সন্দ্বীপবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে আমির ও সন্দ্বীপের বাসিন্দা আলাউদ্দীন শিকদার।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রনালয়ের আরো পাঁচ উপদেষ্টা উপস্থিত ছিলেন। ফেরিটি সকাল ৯টায় উদ্বোধনের পর উপদেষ্টারা ফেরিযোগে সন্দ্বিপের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক প্রিতি সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে।

নৌপরিবহন মন্ত্রলয়ের সচিব মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষে একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র-জনতার গণ-অভ্যূথানে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের ধারাবাহিকতায় চট্টগ্রাম-সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে, যার ফলে সন্দ্বীপবাসী একটি নিরাপদ নৌযোগাযোগ ব্যবস্থা পাবে। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাবে। ফেরি সার্ভিস চালু হলে সন্দ্বীপে পর্যটকসহ পর্যটনের সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে সন্দ্বীপ অচিরেই দেশের অন্যতম পর্যটন এলাকার মর্যাদা লাভ করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত